উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে মো. উজ্জ্বল মিয়া (২২) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আদালতের নির্বাহী হাকিম মোহাম্মদ হাবিবুর রহমান আজ মঙ্গলবার দুপুরে এ দণ্ডাদেশ দেন।

উজ্জ্বল সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরজোত গ্রামের বাসিন্দা। তিনি শেরপুরের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে উজ্জ্বল মিয়া স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন। এ সময় স্থানীয় এলাকাবাসী তাঁকে আটক করে সদরের ইউএনওকে খবর দেন। পরে স্কুল প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী হাকিম হাবিবুর রহমান দণ্ডবিধির ৫০৯ ধারায় অভিযুক্ত করে উজ্জ্বলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে আদালতের আদেশে তাঁকে শেরপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সদরের ইউএনও হাবিবুর রহমান দণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।