উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গেল প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক গৃহবধূকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হাতে খুন হয়েছেন এক পল্লি চিকিৎসক। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় জাংগই গ্রামে এ ঘটনা ঘটেছে। পল্লি চিকিৎসকের নাম মোয়াজ্জেম হোসেন (৪৭)। তাঁর বাড়ি উপজেলার জাংগই গ্রামে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার তিনি মারা যান। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে গ্রামের এক গৃহবধূকে স্থানীয় কয়েকজন তরুণ উত্ত্যক্ত করে। মোয়াজ্জেম তাদের ডেকে এ ঘটনার প্রতিবাদ জানান। এ সময় তরুণেরা তাঁকে দেখে নেওয়ার হুমকি দেয়। গত শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে কয়েকজন দুষ্কৃতিকারী দরজা ভেঙে ঘরে ঢুকে মোয়াজ্জেম হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
মোয়াজ্জেমের শ্যালক আবদুল মান্নান জানান, মোয়াজ্জেমকে উদ্ধার করে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শনিবার দুপুরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ১১টার দিকে তিনি মারা যান।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান জানান, হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।