ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় অধ্যক্ষকে গালাগাল করে ঘুষি মেরেছে এক বখাটে। গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা এলাকার কবি জসীমউদ্দীন স্কুল ও কলেজের সামনে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিদ্যালয়ের মাঠে আন্তশ্রেণী ফুটবল খেলা চলছিল। বৃষ্টি হওয়ায় বিদ্যালয়ের বারান্দায় বসে খেলা দেখছিল ছাত্রছাত্রীরা। বেলা দুইটার দিকে স্থানীয় বখাটে সোহাগ ব্যাপারী ও তার সহযোগী মো. রুবেল সেখানে গিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি দেখে অধ্যক্ষ মো. মিজানুর রহমান বখাটে সোহাগের শার্টের কলার ধরে তাকে গ্রন্থাগারে নিয়ে যান। খবর পেয়ে সোহাগের মামা ওয়াহাব ব্যাপারী সেখানে গিয়ে ঘটনার জন্য শিক্ষকদের কাছে ক্ষমা চান এবং সোহাগকে ছাড়িয়ে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে স্কুলে ঢোকার সময় অধ্যক্ষ মিজানুরকে গালাগাল করে সোহাগ। একপর্যায়ে সে অধ্যক্ষকে ঘুষি মারে। এ সময় সোহাগকে ধরে ফেলেন ওই স্কুলের প্রধান শিক্ষক। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোহাগকে পিটুনি দেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে অধ্যক্ষ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বখাটে সোহাগকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে অফিসে নিয়ে আসি। পরে তার অভিভাবক ও কৈজুরি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূর ইসলামের হেফাজতে তাকে ছেড়ে দেওয়া হয়।’ এ ঘটনার পর ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে। তারা মিছিল নিয়ে ফরিদপুর-সালথা আঞ্চলিক সড়ক অবরোধ করে। পরে শিক্ষক ও অভিভাবকদের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। এ ব্যাপারে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক বলেন, অধ্যক্ষ মিজানুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।