উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্রদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গতকাল শনিবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে চারজন ছাত্র আহত হয়েছে। তাদেরকে ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দশম শ্রেণীর ছাত্র শান্ত একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে নবম শ্রেণীর ছাত্র রিপন, সবুজ, ফিরোজ ও সোহেল ঘটনার প্রতিবাদ করে। পরে ওই দিন প্রধান শিক্ষককে ঘটনাটি জানানো হয়। প্রধান শিক্ষক পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল শনিবার দিন ধার্য করেন। কিন্তু আলোচনায় বসার আগেই পার্শ্ববর্তী পাঁচপীর গ্রামের উত্ত্যক্তকারী ওই ছাত্রের অভিভাবক কোরবান লোকজন নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। বাগিবতণ্ডার একপর্যায়ে তাঁরা ছাত্রদের ওপর হামলা চালান। এতে সবুজ, আনিছুর, ফিরোজ ও শান্ত গুরুতর আহত হয়। তাদেরকে ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে আলোচনায় বসার আগেই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদ্যালয়ে পুলিশ মোতায়েন রয়েছে।