উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্রীর বাবার হাত ভেঙে দিল বখাটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বাবার হাত ভেঙে দিয়েছে বখাটে ও তাঁর আত্মীয়স্বজন। এ ছাড়া এলাকার প্রভাবশালী ব্যক্তিরা ঘটনাটি মীমাংসার জন্য ওই ছাত্রীর পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।পুলিশ, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সরালিয়াহাটি গ্রামের গোপদীঘি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে (১৪) ছয় মাস ধরে উত্ত্যক্ত করে আসছিলেন গ্রামের সুরুজ মিয়ার বখাটে ছেলে আমিন মিয়া (২২)। এর প্রতিকার চেয়ে আমিনের বাবা সুরুজ মিয়ার কাছে একাধিকবার নালিশ দেন ছাত্রীর বাবা। এর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত বুধবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে আমিন প্রেমের প্রস্তাব দিয়ে জোর করে ওই ছাত্রীর ছবি তোলেন। বিষয়টি জানার পর এ ঘটনার প্রতিবাদ করতে গেলে আমিন ও তাঁর আত্মীয়স্বজন ওই ছাত্রীর বাবার ওপর হামলা করেন। হামলায় তাঁর একটি হাত ভেঙে যায়।এ ঘটনায় আমিনসহ তিনজনের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আহসানুল জাহীদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রীর বাবা। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে আহসানুল জাহীদ জানান, অভিযোগটি মিঠামইন থানায় পাঠানো হয়েছে।মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনা তদন্তে একজন উপপরিদর্শককে (এসআই) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে ওই মাদ্রাসাছাত্রীর বাবা গতকাল বৃহস্পতিবার অভিযোগ করেন, বখাটে আমিনের বাবা প্রভাবশালী হওয়ায় গ্রামের একটি পক্ষ তাঁর পক্ষে অবস্থান নিয়ে বিষয়টি মীমাংসার জন্য তাঁকে হুমকি দিচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গেলেও এখনো মামলা না নিয়ে রহস্যজনক আচরণ করছে।মাদ্রাসার তত্ত্বাবধায়ক আইয়ুব আলী মিয়া বলেন, মেয়েটিকে প্রায়ই উত্ত্যক্ত করার ঘটনাটি সত্য। এ বিষয়ে বখাটে আমিনের অভিভাবকদের একাধিকবার জানানোর পরও তাঁরা কোনো ব্যবস্থা নেননি। তিনি বখাটে আমিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।