উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনায় বিদ্যালয়ে যাওয়া-আসার পথে বোনদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা ওই দুই স্কুলছাত্রীর চাচাতো ভাইকে কুপিয়ে জখম করেছে।
গত শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার উত্তর কাঁকচিড়া গ্রামে ঘটনাটি ঘটে। হামলায় জখম মো. সুমন (১৯) বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সুমন অভিযোগ করেন, স্থানীয় শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তাঁর দুই চাচাতো বোনকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে একই গ্রামের মামুন (২০) ও তাঁর কয়েকজন সহযোগী উত্ত্যক্ত করে আসছিল। এ ছাড়া তারা প্রায় দিনই বাড়ির সামনে ঘোরাফেরা করে নানা অশোভন আচরণ করত। সুমন কয়েক দিন আগে মামুন ও তাঁর সহযোগীদের এ ঘটনা থেকে নিবৃত্ত থাকতে অনুরোধ জানালে বখাটেরা তাঁকে দেখে নেওয়ার হুমকি দেয়।
শনিবার রাত সাড়ে আটটার দিকে সুমন বাড়ির পাশের একটি মাহফিল থেকে ফেরার পথে একই এলাকার বখাটে জাকির হোসেন, মামুন মিয়া, আল-আমিন, মো. রাজু ও সবুর হোসেন ধারালো অস্ত্র দিয়ে সুমনকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
সুমনের বাবা জানান, তাঁরা এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।