উত্ত্যক্ত করার প্রতিবাদ করে মা-মেয়ে পিটুনির শিকার!
এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করেছিল এক বখাটে। ছাত্রীটি তাৎক্ষণিকভাবে এই ঘটনার প্রতিবাদ জানায়। এতে খেপে গিয়ে ছাত্রী ও তার মাকে ওই বখাটে এবং তার পরিবারের সদস্যরা পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার বগুড়ার শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বানাইল গ্রামের নিতাই চন্দ্র মোহন্তের ছেলে বিষ্ণু চন্দ্র মোহন্ত (২২) ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। মারধরের অভিযোগে ওই ছাত্রীর বাবা বিষ্ণুসহ তিনজনের বিরুদ্ধে গত রোববার সন্ধ্যায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বানাইল গ্রামের চৌধুরী আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে বিষ্ণু চন্দ্র দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। রোববার কলেজে যাওয়ার পথে বানাইল মোড়ে (বিষ্ণু চন্দ্রের বাড়ির কাছে) এলে বিষ্ণু পথরোধ করে ওই ছাত্রীকে প্রথমে প্রেমের এবং পরে আপত্তিকর প্রস্তাব দেন। এ ঘটনার প্রতিবাদ জানালে বিষ্ণু খেপে যান। এ সময় বিষ্ণুর পরিবারের লোকজন সেখানে এসে ওই ছাত্রীকে মারধর করে। একপর্যায়ে ওই ছাত্রীর মা সেখানে ছুটে এলে তাঁকেও পেটানো হয়। পরে লোকজন এগিয়ে এসে ওই ছাত্রী ও তার মাকে উদ্ধার করে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই ছাত্রী অভিযোগ করে, বিষ্ণু অনেক দিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছেন। বিষ্ণুর প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে লাঠি দিয়ে পেটানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু সালেহ দ্বীন মোহম্মদ জানান, মেয়েটিকে আঘাত করা হয়েছে। ছাত্রীর বাবার অভিযোগ, ‘থানায় অভিযোগ দেওয়ার পর আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।’ ওই কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, ‘মেয়েটি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে রোববার জানায়, বিষ্ণু তাকে উত্ত্যক্ত করছে। আমি এ ব্যাপারে থানা পুলিশের আশ্রয় নিতে বলেছি।’ বিষ্ণু চন্দ্রের সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে তাঁর ভাই সবুজ চন্দ্র ওই ছাত্রী ও তার মাকে পেটানোর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, মিথ্যা অভিযোগ এনে তাঁদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর তা প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মামলা নেওয়া হলো না কেন, জানতে চাইলে ওসি হাবিবুর রহমান জানান, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় জড়িতদের আটক করার চেষ্টা চালানো হচ্ছে।