উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানোয় তিনজনকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে এক মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানোয় তার ভাইসহ তিন যুবককে ছুরিকাঘাত করে আহত করেছে বখাটেরা। গুরুতর আহত অবস্থায় তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার রাতে শহরের রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত ব্যক্তিদের বিবরণ অনুযায়ী, রাত সাড়ে আটটার দিকে মেয়েটি স্থানীয় একটি দোকানে জিনিসপত্র কিনতে যায়। এ সময় একই এলাকার আরিফ ও মুন্সীর নেতৃত্বে কয়েকজন বখাটে তাকে উদ্দেশ করে অশ্লীল কথা বলে। বাড়িতে গিয়ে মেয়েটি তার ভাই ইকবাল ও ফুফাতো ভাই শাহজাহানকে সঙ্গে নিয়ে প্রতিবাদ জানাতে ঘটনাস্থলে যায়। বাগিবতণ্ডার একপর্যায়ে মেয়েটি বখাটেদের একজনের মুখে থাপড় মারে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বখাটেরা ওই দুই ভাইকে ছুরিকাঘাত করে। এ সময় তাঁদের প্রতিবেশী সবুজ হোসেন এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়।গতকাল বিকেলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় এখনো অভিযোগ দাখিল করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।