উত্ত্যক্ত করার প্রতিবাদ সাংবাদিক ছুরিকাহত
ফরিদপুরের মধুখালীতে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মতিয়ার রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গত বৃহস্পতিবার কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তিনি দৈনিক আজকালের খবর পত্রিকার মধুখালী প্রতিনিধি। তাঁকে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে।মামলার এজাহার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মতিয়ার ও তাঁর মেজো ভাই বাদশা মিয়া উপজেলার মেঘচামী গ্রামে একই বাড়িতে থাকেন। দীর্ঘদিন ধরে বাদশা মিয়ার কলেজছাত্রী মেয়েকে একই গ্রামের আকমাল সেখের ছেলে রহিম সেখ (২৪) উত্যক্ত করে আসছিলেন। মতিয়ার বিষয়টি রহিমের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জনিয়েছিলেন। এ কারণে রহিম তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পার্শ্ববর্তী বালিয়াকান্দি এলাকায় ছাত্রীর ফুফাতো ভাইয়ের সঙ্গে রহিমের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুপুর ১২টার দিকে রহিমের নেতৃত্বে ১৫-২০ সন্ত্রাসী মতিয়ারদের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির টিনের ঘরের বেড়া কুপিয়ে নষ্ট করে এবং মতিয়ারের মা রহিমা খাতুনের সঙ্গে দুর্ব্যবহার করে। মতিয়ার তখন বাড়িতে ছিলেন না। বিকেল সাড়ে তিনটার দিকে মতিয়ার বাড়ি ফেরার পথে মৃধা বাজার এলাকায় রহিম ও তাঁর সহযোগীরা রামদা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে মতিয়ারের ওপর হামলা চালায়। তারা মতিয়ারকে থুতনিতে ছুরিকাঘাত এবং মারধর করে। মতিয়ারের থুতনিতে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। মেঘচামী ইউপির চেয়ারম্যান ফারুকুজ্জামান খান বলেন, ‘মতিয়ার তাঁর ভাতিজিকে রহিম উত্ত্যক্ত করে বলে আমার কাছে গত সোমবার অভিযোগ করেছিলেন।’ বৃহস্পতিবার সকালে মতিয়ার বিষয়টি পুলিশকে জানাতে মধুখালী গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাঁর ওপর এ হামলা হয়। মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মোজাহারুল ইসলাম জানান, হামলার ঘটনায় মতিয়ার বাদী হয়ে রহিম সেখসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার মামলা করেছেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার দুই আসামি রাজ্জাক সর্দার ও রাকিব সর্দারকে গতকাল দুপুরে মধুখালী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে রহিমের ভাই আবদুর রাজ্জাক জানান, তিনি অসুস্থ, পরে কথা বলবেন।