উত্ত্যক্ত করার প্রতিবাদ স্কুলছাত্রকে পেটাল বখাটেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফরিদপুরের মধুখালীর বাগাট বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নাজমুলকে (১৭) পিটিয়ে জখম করেছে বখাটেরা। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে স্কুল সংলগ্ন বাগানে। এলাকাবাসী জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে ২৭ মার্চ উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর দিশারী সংঘের উদ্যোগে স্থানীয় সীতারামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে বহিরাগত কিছু বখাটে ছেলে অনুষ্ঠানস্থলে এসে মেয়েদের উত্ত্যক্ত করতে থাকে। ওই সময় নাজমুল এর প্রতিবাদ করায় বখাটেদের সঙ্গে তার বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে বখাটেরা অনুষ্ঠানস্থল ত্যাগ করে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নাজমুল জানায়, ‘গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে আমি বাগাট স্কুলে কোচিং করতে এলে স্কুলে ঢোকার আগেই বাখাটে ইমরান, জাসু, সোহেল, সুমন, সবুজ, আহাদসহ আট থেকে ১০ জন আমাকে ডেকে স্কুলের পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে আমাকে একটি গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে বেদম প্রহার করে। এ সময় আমার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।’বাগাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যারা নাজমুলকে রড দিয়ে পিটিয়ে জখম করেছে তারা সবাই বখাটে প্রকৃতির ছেলে।মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, নাজমুলের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক বলেন, ‘আমি আহত ছেলেটিকে দেখেছি। মামলার প্রস্তুতি চলছে।’