উত্ত্যক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন, বাড়ি ফিরে গেলেন ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে ও দোষী শিক্ষার্থীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। এদিকে নিরাপত্তাহীনতায় ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে গেছেন ওই ছাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গল ও সোমবার ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মোহাম্মদ আলী ওরফে রাজ ও যুগ্ম সম্পাদক তিতাস চন্দ্র রায় আহত হন। সেই সঙ্গে উত্ত্যক্তকরণের শিকার শিক্ষার্থী মঙ্গলবার কোতোয়ালি থানায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানসহ ছয়জনকে অভিযুক্ত করে একটি মামলা করেন। মামলায় ছাত্রলীগের আরও চার কর্মীকে আসামি করা হয়। তাঁরা হলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শাওন আহমেদ, একই বিভাগের আদনান আলী, গণিত বিভাগের শামীম ও বাংলা বিভাগের আরিফুল ইসলাম।
উত্ত্যক্তকরণের প্রতিবাদে ও দোষী শিক্ষার্থীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে গতকাল সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বেলা ১১টায় ক্যাম্পাসে আধা ঘণ্টার মানববন্ধন করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, কম্পিউটার সায়েন্স বিভাগের এক ছাত্রীকে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শাওন আহমেদ প্রায়ই উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে অ্যাসিড মারার ভয়ভীতি দেখান তিনি। ওই ছাত্রী বিষয়টি কয়েকজন বড় ভাইকে (ছাত্রলীগের নেতা) জানালে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মোহাম্মদ আলী ও তিতাস চন্দ্র রায় আহত হন। তাঁরা দুজনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
এ ব্যাপারে মোহাম্মদ আলী বলেন, ‘একজন ছাত্রীর অভিযোগের ভিত্তিতে উত্ত্যক্তকারীর হাত থেকে রক্ষা করতে আমরা উদ্যোগ নিয়ে আলোচনা করছিলাম। কিন্তু ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থনে কয়েকজন শিক্ষার্থী আমাদের ওপর হামলা চালায়।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান দাবি করেন, মামলার ঘটনাটি সাজানো। এখানে যা কিছু ঘটছে তার সঙ্গে তিনি জড়িত নন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহীনুর বলেন, ‘গত মঙ্গলবার দুই পক্ষকে শান্ত করতে গিয়ে একটি পক্ষ আমার ওপর চড়াও হয়। এ নিয়ে রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেছি।’