উত্ত্যক্ত করার বিচার চাওয়ায় মাদ্রাসাছাত্রী খুন!
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খায়রুল মিয়া (২২) নামের এক বখাটের হামলায় স্থানীয় মাদ্রাসার ছাত্রী জোনাকি আক্তারের (১৬) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খায়রুল ও তার দুই সহযোগী দীর্ঘদিন ধরেই মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল। মেয়েটির পরিবার খায়রুলের পরিবারের কাছে এ বিষয়ে বিচার দিলে তিন বখাটে ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার রাতে জোনাকির ওপর হামলা করে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কসবার কুটি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের লিটন মিয়ার মেয়ে ও কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী জোনাকিকে প্রতিবেশী বাছির মিয়ার ছেলে খায়রুল প্রায়ই উত্ত্যক্ত করত। মেয়েটির পরিবার গত শুক্রবার খায়রুলের পরিবারের কাছে এ বিষয়ে নালিশ করলে দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে কিছুটা হাতাহাতিও হয়। দুই পক্ষের আহত আত্মীয়স্বজন সন্ধ্যার পর চিকিৎসার জন্য বাড়ির বাইরে গেলে রাত ১০টার দিকে খায়রুল তার দুই সহযোগী ইউসুফ মিয়া ও কালা মিয়াকে নিয়ে জোনাকিদের বাড়িতে ঢুকে মেয়েটির ওপর হামলা চালায়। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা তাকে ফেলে পালিয়ে যায়। দ্রুত জোনাকিকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মেয়েটির বাবা লিটন মিয়া বলেন, ‘মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়টি খায়রুলের পরিবারকে বলায় তিন বখাটে মিলে আমার মেয়েকে খুন করেছে।’ প্রতিবেশী নাজমুল ইসলাম জানান, মেয়েটির চিৎকারে তাঁরা এগিয়ে এসে দেখেন খায়রুল, ইউসুফ ও কালা মিয়া মেয়েটির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করছে। তাঁদের দেখে ওই তিন বখাটে দৌড়ে পালিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা অঞ্জন চন্দ্র কর্মকার বলেন, মেয়েটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার বুকের পাঁজর ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। কসবা থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণলাল ঘোষ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতজনিত কারণে মেয়েটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন বলেন, তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে। বখাটেদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পরপরই তিন বখাটে ও তাদের পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে।