প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জে একটি কারখানায় এক নারী সহকর্মীকে উত্ত্যক্ত করার অপরাধে এক শ্রমিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা ১১টায় পৌরসভার মূলগাঁও এলাকার একটি কারখানায় এ ঘটনা ঘটে। দণ্ড পাওয়া শ্রমিকের নাম মমিনুল ইসলাম। তাঁর বাড়ি নওগাঁ সদর উপজেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই কারখানার শ্রমিক মমিনুল তাঁর এক নারী সহকর্মীকে (২২) উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় প্রথমে ওই নারী শ্রমিক কারখানা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। বিষয়টি কারখানা কর্তৃপক্ষ কালীগঞ্জ উপজেলা নির্বাহী হাকিম মো. মনিরুজ্জামানকে জানান। গতকাল তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মমিনুলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।