উত্ত্যক্ত করায় তরুণের কারাদণ্ড
কিশোরগঞ্জে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে মামুনুর রশীদ সানি (১৮) নামে এক তরুণকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সানি শহরের নিউ টাউন এলাকার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে। সানি এ বছর শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সানি তাঁর কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে ও কলেজ ক্যাম্পাসে প্রায়শই উত্ত্যক্ত করতেন। গতকাল শনিবার কলেজ ক্যাম্পাসে ফের উত্ত্যক্ত করা শুরু করলে ওই ছাত্রী কলেজ অধ্যক্ষের কাছে নালিশ করে। পরে কর্তৃপক্ষ সানিকে তাঁর তিন সহযোগীসহ কলেজ অধ্যক্ষের কক্ষে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত কলেজে এসে পুলিশের উপস্থিতিতে মামুনুর রশীদকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।