উত্ত্যক্ত করায় দুই কিশোরের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত নাটোরের সিংড়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে সোহান হোসেন (১৬) ও রফিকুল ইসলাম (১৭) নামের দুই কিশোরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেমন্ত হেনরী কুবি এই রায় দেন।
সোহান সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও দিঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র এবং রফিকুল একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে কয়েকজন কিশোর উত্ত্যক্ত করছিল। একপর্যায়ে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করা হয়। গতকাল সকালে পুলিশ হাতিয়ান্দহ বাজার এলাকা থেকে দুই উত্ত্যক্তকারীকে আটক করে।