উত্ত্যক্ত করায় পাবনা সাতক্ষীরা ও লক্ষ্মীপুরে ছয়জনকে কারাদণ্ড
মেয়েদের উত্ত্যক্ত করার অপরাধে পাবনার ঈশ্বরদীতে চারজন এবং সাতক্ষীরা ও লক্ষ্মীপুরে দুজনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কুমিল্লার দেবীদ্বারে এক উত্ত্যক্তকারীকে সালিস বৈঠকের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় গতকাল রোববার ইমরুল হাসান (২০) নামের এক কলেজছাত্রকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছাদেকুর রহমান। ইমরুল সাতক্ষীরার ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি সদর উপজেলার তজুলপুর গ্রামে।জানা গেছে, তজুলপুর গ্রামের দশম শ্রেণীর এক ছাত্রীকে ইমরুল এক মাসের বেশি সময় ধরে উত্ত্যক্ত করছেন। ওই ছাত্রী বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়। গতকাল সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ইমরুল ওই ছাত্রীকে দাঁড় করিয়ে প্রেমের প্রস্তাব দেন। ছাত্রী রাজি না হওয়ায় তার হাত ধরে টানাহেঁচড়া করেন তিনি। ছাত্রীর সঙ্গে থাকা এক সহপাঠী বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির নেতৃত্বে ইমরুলকে আটক করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘটনাস্থলে হাজির হয়ে ইমরুলকে কারাদণ্ডাদেশ দেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায়। সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে টিপু সুলতান (২২) নামের এক যুবককে গতকাল এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রামগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ আলম ছিদ্দিক। টিপুকে লক্ষ্মীপুর কারাগারে পাঠানো হয়েছে। রামগঞ্জ থানার ওসি মো. রেজাউল করিম ভূঁইয়া জানান, সকালে উপজেলা মৎস্য কার্যালয়ের সামনে নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় টিপুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর টিপু ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাদণ্ডাদেশ দেন। ওই ছাত্রীর বাবা জানান, টিপু দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে এবং কোচিংয়ে যাতায়াতের সময় তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল।পাবনা: উত্ত্যক্ত করার দুটি ঘটনায় জেলার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নে চারজনকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন জানান, বৃহস্পতিবার ছলিমপুর কলেজ চত্বরে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা কলেজছাত্রদের মারধর করে। ওই ঘটনায় মামলা হলে মানিকনগর পূর্বপাড়ার আশিকুজ্জামান (২২), চরসাহাপুর গ্রামের রাকিব রায়হান (১৯) ও মানিকনগর গ্রামের তুষারকে (১৮) গ্রেপ্তার করে পুলিশ। রাতে ঈশ্বরদী থানায় ভ্রাম্যমাণ আদালত আশিকুজ্জামানকে ছয় মাস এবং রাকিব ও তুষারকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। অন্যদিকে পুলিশ জানায়, শনিবার মিরকমারী উচ্চবিদ্যালয়ের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় ওই গ্রামের খোকন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসলে বিচারক জাকির হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। চারজনকেই পাবনা কারাগারে পাঠানো হয়েছে।কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে মাইনুদ্দিন (২০) নামের এক যুবককে ১০০ বার কান ধরে ওঠবস এবং ওই স্কুলছাত্রীর পা ধরে ক্ষমা চাওয়ার শাস্তি দিয়েছে গ্রামবাসী। গতকাল সকালে উপজেলার কাজিয়াতল গ্রামে এক সালিস বৈঠকে এই শাস্তি দেওয়া হয়। স্থানীয় লোকজন জানান, গ্রামের এসএসসি পরীক্ষার্থী এক মেয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের মাইনুদ্দিন তাকে প্রেমের প্রস্তাব দেন। ওই ছাত্রী প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে উত্ত্যক্ত করেন এবং একপর্যায়ে চরথাপড় মারেন মাইনুদ্দিন। এ সময় স্থানীয় লোকজন মাইনুদ্দিনকে আটক করে। পরে স্কুলছাত্রীর বাড়িতে সালিস বৈঠকে মাইনুদ্দিনকে ওই শাস্তি দেওয়া হয়। মাইনউদ্দিন বলেন, ‘আমি যা করেছি ভুল করেছি। জীবনে আর কখনো কোনো মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাব না, উত্ত্যক্ত করব না।’