উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড
কাপাসিয়ার বারিষাবো গ্রামের ভিটারটেক গ্রামের এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির দায়ে জামাল উদ্দিন নামের এক যুবককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, কাপাসিয়ার বারিষাবো ইউনিয়নের ভিটারটেক গ্রামের ছেলদিয়া ইউসুফ আলী বালিকা মাদ্রাসার সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে একই গ্রামের তারা মিয়ার ছেলে জামাল উদ্দিন (২৪) প্রায়ই মাদ্রাসায় যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। গতকাল সকাল সাড়ে নয়টায় একইভাবে মাদ্রাসায় যাওয়ার পথেও জামাল উদ্দিন ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেন। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে সত্যতা প্রমাণিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত জামাল উদ্দিনকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন। জামাল উদ্দিন কাপাসিয়া পুলিশের হেফাজতে রয়েছেন। আজ শুক্রবার তাঁকে জেলহাজতে পাঠানো হবে। কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরোজ কুমার নাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।