উত্ত্যক্ত করায় বাধা, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা
পিরোজপুরের নাজিরপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে বিবাদের জের ধরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। নাজিরপুর থানায় মঙ্গলবার সন্ধ্যার দিকে দ্রুত বিচার আইনে মামলাটি করা হয়। পুলিশ মঙ্গলবার রাতেই নয়জন আসামিকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট এলাকার শিক্ষক আ. গাফফার বলেন, ‘শফিক শেখ বাবুরহাট এলাকার দশম শ্রেণীর এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত। মঙ্গলবার সে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনা ওই ছাত্রী আমাকে জানালে আমি বাবুরহাট বাজারে বসে শফিক শেখকে উপদেশ দিই। এতে সে উত্তেজিত হয়ে আমাকে মারধর করে। এ ঘটনা এলাকাবাসী দেখে তারা পাল্টা শফিক শেখকে মারধর করে।’নাজিরপুর থানার ওসি আব্বাস উদ্দিন জানান, শহীদ জিয়া ডিগ্রি কলেজের ছাত্র শফিক শেখকে মারধর এবং তার মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনি (শফিক শেখ) মঙ্গলবার সন্ধ্যার দিকে বিএনপির ২০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। এদিন রাতেই অভিযান চালিয়ে শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক আ. জব্বার, যুবদলের কোষাধ্যক্ষ রেজাউল সরদার, ইউনিয়ন বিএনপির সদস্য অহিদুজ্জামান, শাফায়েত, শহিদুল ইসলাম, মনিরুজ্জামান, চঞ্চল, সেকান্দার সরদার ও রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘শফিক শেখ আওয়ামী লীগের সমর্থক। তিনি বাবুরহাট এলাকার স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতেন, এ রকম অভিযোগ আমার কাছে কেউ করেনি।’