উত্ত্যক্ত করায় বাধা দেওয়ায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে উত্ত্যক্তকারীরা চার ছাত্রীসহ ছয় শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে। বৃহস্পতিবার দুপুরে শহরতলির আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা সবাই আড়পাড়া ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার রাতে ওই ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. জলিল মোল্লা বাদী হয়ে স্বপন মিয়া, রামিম মিয়া, রবিউল, তামিম মাসুদ মুন্সিকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। তবে ঘটনার ৩৬ ঘণ্টা পরও কেউ গ্রেপ্তার হয়নি। প্রধান শিক্ষক আ. জলিল মোল্লা জানান, বৃহস্পতিবার শিক্ষার্থীরা স্কুল থেকে বাড়ি ফিরছিল। স্থানীয় মাদ্রাসার সামনে গেলে স্বপন মিয়া, রামিম মিয়া, রবিউল, তামিম মাসুদ মুন্সিসহ ৮-১০ জন যুবক চার ছাত্রীকে উদ্দেশ করে অশালীন কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে পথ রোধ করে। তারা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে। এক ছাত্রীর হাত ধরে টানাটানি করতে থাকে স্বপন মিয়া। চিৎকার শুনে হামিম গাজী ও বাইজিত নামে দুই ছাত্র ছাত্রীদের সাহায্যে এগিয়ে আসে এবং প্রতিবাদ করে। এ সময় স্বপন ও তার সঙ্গের যুবকেরা হামিম ও বাইজিতকে মারধর শুরু করে। এ সময় ছাত্রীরা এগিয়ে এলে তাদেরও মারধর করে। এতে হামিম ও এক ছাত্রীর মাথা ফেটে যায়। হামিম ও ওই ছাত্রীকে বৃহস্প-তিবার বিকেলে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. মহসীন মোল্লা বলেন, ‘হামলাকারীদের মধ্যে রামিম ও রবিউল আমাদের স্কুলের ছাত্র। তাদের বহিষ্কার করা হবে।’ গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ তদন্তে গিয়ে সত্যতা পেয়েছে।