উত্ত্যক্ত করায় বিস্ফোরক মামলায় গ্রেপ্তার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক নারীকে (২৫) উত্ত্যক্ত করার অভিযোগে বগুড়ার শেরপুর থানা পুলিশ ৫ নভেম্বর আবদুল হাই (৩০) নামের এক তরুণকে আটক করে। কিন্তু ৬ নভেম্বর পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আবদুল হাই উপজেলার গাড়িদহ ইউনিয়নের দড়িবাংরা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় ক্ষৌরকার।
থানা পুলিশ সূত্র জানায়, জামায়াতের ডাকা হরতালে ৩ নভেম্বর উপজেলার মির্জাপুরের মদনপুর এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা লাঠিসোঁটা, রড ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিকভাবে মিছিল বের করে। এ সময় তাঁরা সরকারবিরোধী স্লোগান দিয়ে মহাসড়কে কয়েকটি ট্রাক ও অটোরিকশা ভাঙচুর করেন। এ ঘটনায় এসআই ফারুকুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। এই মামলায় ১০ জনের নাম-ঠিকানা উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করা হয়। মামলার তদন্তদকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফিরোজ কবির ৬ নভেম্বর আবদুল হাইকে এই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে সোপর্দ করেন।
আবদুল হাই বলেন, তিনি উপজেলার দশমাইল বাজারে সেলুনে (চুল কাটার দোকান) কাজ করেন। গ্রামের এক নারী তাঁর বিরুদ্ধে থানায় উত্ত্যক্ত করার অভিযোগে করেন। সেই অভিযোগে ৫ নভেম্বর দুপুরে পুলিশ তাঁকে আটক করে থানায় নেয়। আবদুল হাই আরও জানান, তিনি একসময় আওয়ামী লীগ করতেন। সেলুনে চুল কাটার কাজে ব্যস্ত থাকায় রাজনীতি করার কোনো সময় তিনি পান না। অন্যদের দোষ তাঁর ঘাড়ে চাপানো হচ্ছে।
তার মা জবেদা বেওয়া (৭০) বলেন, ‘পেটের ভাত জোগাড় করতেই সময় যায়। ছেলের রাজনীতি করার সময় কই। ছেলের জামিন করানোর মতো টাকাও আমার নেই।’
উত্ত্যক্তের শিকার হওয়া ওই নারী জানান, ১ নভেম্বর তিনি আবদুল হাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই ৫ নভেম্বর দেড়টার দিকে আবদুল হাইকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
গাড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক বলেন, ‘আবদুল হাই আওয়ামী লীগ সমর্থন করেন। তিনি দলীয় কোনো পদে নেই। তিনি ওই নারীকে উত্ত্যক্ত করতেন বলে শুনেছি। তবে জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে তাঁকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো দুঃখজনক।’
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ কবির বলেন, ৩ নভেম্বর মির্জাপুরের মদনপুর এলাকায় জামায়াত-শিবিরের হরতাল চলাকালে সহিংস ঘটনায় আবদুল হাইয়ের জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ জন্যই ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরে তিনি জানান, ওই নারীর অভিযোগটিও ৬ নভেম্বর রাতে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।