উত্ত্যক্ত করায় শিক্ষক ও তরুণের কারাদণ্ড
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় সিহাবুল হক (৩১) নামে এক শিক্ষককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া উত্ত্যক্ত করার পৃথক ঘটনায় মিজানুর রহমান (২২) নামের এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম এ রায় দেন। তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
সিহাবুল ইসলাম উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের কেলুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলার সিহালী গ্রামের বাসিন্দা। আর মিজানুর রহমান উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সিহাবুল হক দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল সোমবার এক ছাত্রীর সঙ্গে এমন আচরণ করলে বিষয়টি অভিভাবকেরা জেনে ফেলেন। এরপর কয়েকজন অভিভাবক একজোট হয়ে সিহাবুলকে ধরে ফেলেন এবং প্রশাসনের কাছে খবর দেন। পরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ পুলিশ গিয়ে তাঁকে আটক করে। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ১৩ জন ছাত্রী ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছে।
এদিকে মিজানুর রহমান সদ্য এসএসসি পাস করা এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এক বছর আগে এ ব্যাপারে গ্রামে অভিভাবকদের নিয়ে বৈঠকও হয়। সেখানে মিজানুর আর ওই ছাত্রীকে উত্ত্যক্ত করবে না বলে ৩০০ টাকার স্ট্যাম্পের ওপর লিখিত দেয়। কিন্তু এর কিছুদিন পর থেকে আবারও সে উত্ত্যক্ত করতে শুরু করে। গত রোববার রাতে মেয়েটির বাড়ি গিয়ে উত্ত্যক্ত করার সময় অভিভাবকেরা হাতেনাতে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। এদিকে গতকাল সোমবার মিজানুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারক বিষয়টি তদন্ত করতে একটি দল ঘটনাস্থলে পাঠান। তারা অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।