উত্ত্যক্ত করে বিয়ে, নির্যাতনের পর বিচ্ছেদ, তবু রক্ষা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে মেয়েটিকে (১৮) উত্ত্যক্তের পর জোর করে বিয়ে করেন চাচাতো ভাই আবু তাহের (২৫)। বিয়ের পরও ওই মেয়েটি এবং তাঁর বাবা-মাকে দৈহিকভাবে নির্যাতন করা হয়। পরে তাহেরকে তালাক দেন মেয়েটি। কলেজে ভর্তি হয়ে মেয়েটি পড়াশোনা শুরু করেন। এতে আরও ক্ষিপ্ত হন তাহের।গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে কলেজে পরীক্ষা দিতে যাওয়ার সময় তাহের ও তাঁর সঙ্গী কাওসার মেয়েটিকে বেধড়ক পিটিয়ে তাঁর ডান হাত থেঁতলে দিয়েছেন। পিটিয়ে আহত করা হয়েছে মেয়েটির মামাতো ভাইকে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী তাহেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল হক জানান, গুরুতর আঘাতে মেয়েটির ডান হাত থেঁতলে গেছে, তবে হাড় ভাঙেনি। নাক-মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সেরে উঠতে সময় লাগবে। মেয়েটির মা গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ে স্কুলে পড়ার সময় থেকেই তাহের উত্ত্যক্ত করত। সে আমাদের ঘরে আটকে রেখে রামদা দিয়ে ভয় দেখাত। তাহের আমাকে, আমার স্বামীকে মারধর করেছে। নির্যাতন সইতে না পেরে তার সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলাম। কিন্তু তাদের ছাড়াছাড়ি হয়। এর পর থেকে তাহের জ্বালাতন শুরু করে। বাধ্য হয়ে মেয়েকে পড়াশোনার জন্য বাকেরগঞ্জের রানীরহাটে ভাইয়ের বাসায় পাঠিয়ে দিই।’জানা গেছে, মেয়েটি বাকেরগঞ্জের তালুকদারহাট কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়েন। কলেজে যাতায়াতের পথে মেয়েটিকে নিয়মিত উত্ত্যক্ত করতেন তাহের। একপর্যায়ে মেয়েটি কলেজে যাওয়া বন্ধ করে দেন। সম্প্রতি কলেজে নির্বাচনী পরীক্ষা শুরু হয়। গত বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা দিতে মামাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন মেয়েটি।মেয়েটির মামাতো ভাই জানান, তাঁরা চরামদ্দি ইউনিয়নের ঝাউতলা এলাকায় পৌঁছালে তাহের ও তাঁর সঙ্গী কাওসার কাঠ দিয়ে তাঁর কাঁধের ওপর আঘাত করে। এতে তিনি গাড়ি থেকে ছিটকে পড়েন। এরপর তাহের ও তাঁর সঙ্গী তাঁদের বেধড়ক পেটান। এতে তাঁর ফুফাতো বোনের ডান হাত থেঁতলে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে তাহের মেয়েটির চুল ধরে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে ডান হাত পিটিয়ে ও পায়ের তলায় পিষে থেঁতলে দেন। এ সময় চিৎকার শুনে এলাকাবাসী এসে তাঁদের উদ্ধার করে। পরে এলাকাবাসী তাহেরকে আটক করে পুলিশে খবর দেয়।গতকাল হাসপাতালে মেয়েটি প্রথম আলোকে বলেন, ‘তাহের আমার জীবন ধ্বংস করে দিয়েছে। ও স্কুলজীবন থেকে আমার পেছনে লেগেছে। আমার মরণ না হওয়া পর্যন্ত ও আমার পিছু ছাড়বে না।’বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রবিউল ইসলাম বলেন, তাহের ও তাঁর সঙ্গী কাওসারের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই মেয়েটির মামা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। তাহেরকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কাওসারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।