উত্ত্যক্ত প্রতিরোধে র‌্যাব পুলিশের অভিযানে আটক ৩০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের উত্ত্যক্ত করা প্রতিরোধে র‌্যাব ও পুলিশ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অভিযান চালিয়ে গত ৪০ দিনে প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় র‌্যাব গ্রেপ্তার করেছে ৫২ জনকে, বাকিরা পুলিশের হাতে ধরা পড়ে। এদিকে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারকে (ডিএমপি) প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটি হাইকোর্টের রায়ে নির্দেশিত পদ্ধতি ও নির্দেশনা অনুযায়ী কাজ করবে। মহানগর পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি ও অপব্যবহারের প্রতিরোধ ও সচেতনতার জন্য ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আবুল কাশেমকে প্রধান করে গত সোমবার পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন রমনা বিভাগের পুলিশের উপকমিশনার, রমনা মডেল থানার সহকারী কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (মহিলা পুলিশ) এবং পুলিশ সংস্কার প্রকল্পের প্রতিনিধি। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুসারে এ কমিটি গঠন করা হয়।ডিএমপির কমিশনার এ কে এম শহীদুল হকের সই করা চিঠিতে বলা হয়, কমিটি হাইকোর্টের রায়ের আলোকে যৌন হয়রানি ও অপব্যবহারের বিষয়ে অভিযোগ গ্রহণ, তদন্ত ও গৃহীত পদক্ষেপের সুপারিশ করবে এবং প্রয়োজনীয় কার্য সম্পাদন করবে। কমিটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে বাৎসরিক প্রতিবেদনও দেবে।গ্রেপ্তার: র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৩-এর একটি গোয়েন্দা দল গোপনে জানতে পারে মগবাজার ফুটওভারব্রিজের ওপর কতিপয় যুবক স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত (ইভ টিজিং) করে আসছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে র‌্যাব-৩-এর একটি দল ঘটনাস্থলে দেখতে পায় ছয় তরুণ মেয়েদের উত্ত্যক্ত করছে। র‌্যাব ঘটনাস্থল থেকে আক্তারুজ্জামান ওরফে জুয়েল (১৮), আরেফিন আমিন ওরফে রাজন (২০), মোফাজ্জল (২১), জাফর আহমেদ (২৮), বিকাশ সরকার ওরফে তাপস (২৮), মিনাজলকে (৩০) গ্রেপ্তার করে।