উত্ত্যক্তকরণ বন্ধে কঠোর আইন ও বখাটেদের দ্রুত শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্তকরণ ও যৌন হয়রানি বন্ধে আইন করে উত্ত্যক্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। নাটোরের কলেজশিক্ষক মিজানুর রহমান ও ফরিদপুরের মধুখালীর চাঁপা রানী বিশ্বাসের হত্যাকারীদের দ্রুত শাস্তিরও দাবি জানানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার পৃথক বিজ্ঞপ্তিতে সংগঠনগুলো এই দাবি জানায়। সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মধুখালীতে বখাটেদের মোটরসাইকেল চাপায় চাঁপা রানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া এক বিবৃতিতে বখাটেদের প্রশ্রয় না দেওয়ার দাবি জানান। জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক এক বিবৃতিতে চাঁপা রানীর হত্যাকারীদের শাস্তির দাবি জানান।সামাজিক প্রতিরোধ কমিটি এক বিবৃতিতে বলেছে, উত্ত্যক্তকরণ ও যৌন হয়রানি বন্ধে যথাযথ আইন না থাকায় এ ধরনের নির্যাতন বেড়ে চলেছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলেছে, ‘সরকার এবং প্রশাসনকে তাদের কাজের মাধ্যমে এই বার্তা দিতে হবে যে উত্ত্যক্তকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।’মিজানুর রহমান ও চাঁপা রানীর হত্যাকারীদের শাস্তির দাবিতে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মৌন মিছিল বের করে। মিছিলটি দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও শোভাযাত্রা করেছে কর্মজীবী নারী। এছাড়া বাংলাদেশ অভিভাবক পরিষদ বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, জাতীয় যুব জোট, সমাজতান্ত্রিক মহিলা ফোরামও বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।