‘প্রতিবাদ নয় প্রতিরোধ’ স্লোগান সামনে রেখে খুলনার সব শিক্ষাপ্রতিষ্ঠানে গত বুধবার কালো পতাকা উত্তোলনসহ পাঁচ মিনিটের অবস্থান কর্মসূচি পালন করেছে বেসরকারি সংস্থা গৃহসুখনের ইভ টিজিংবিরোধী ফোরাম ‘এন্টি ইভ টিজিং গ্রুপ’। এসব কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ইভ টিজার (উত্ত্যক্তকারী) কারও ভাই-বন্ধু নয়, তারা সমাজের শত্রু।সম্প্রতি ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে নাটোরের লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুর রহমান খুন হন। তাঁর স্মরণে এবং ইভ টিজিংয়ের বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করতে বুধবার সকালে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কর্মসূচির আয়োজন করা হয়।সকাল ১০টায় নগরের সাউথ সেন্ট্রাল রোডের পাইওনিয়ার গার্লস কলেজ এবং বানিয়াখামার বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বানিয়াখামার বিদ্যালয় প্রাঙ্গণের মানববন্ধনে মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম, তাসাদুজ্জামান, সালমা রহমানসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন।