উত্ত্যক্তকারী তরুণের এক বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার সেই মেয়েটিকে উত্ত্যক্তকারী তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার প্রথম আলোতে ‘প্রশাসনের সহায়তায় ক্লাসে ফিরল মেয়েটি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর গতকাল রোববার রাতে উত্ত্যক্তকারী তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন। 

উত্ত্যক্তকারী তরুণের নাম রাকিবুল ইসলাম (২০)। তিনি ফুলগাজী সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা।
ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাকিবুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এদিকে ওই মেয়ের বাবা অভিযোগ করেছেন, সোমবার সকালে ফুলগাজী থানাহাজতে আটক অবস্থাতেও রাকিবুল ছাড়া পেয়েই তাঁকে (মেয়ের বাবা) হত্যা করবে বলে হুমকি দিয়েছেন।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাকিবুলের উত্ত্যক্তের কারণে ওই মেয়েটির লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়। পরে প্রশাসনের সহযোগিতায় তাঁকে কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়। গত বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেয়েটিকে নিয়ে ফুলগাজী মহিলা কলেজে যাওয়ার পর মেয়েটি ক্লাস শুরু করে।
মেয়েটির পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন, মেয়েটি ফুলগাজী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করে। বিদ্যালয়ে পড়ার সময় থেকেই মেয়েটিকে নানাভাবে উত্ত্যক্ত করা শুরু করেন রাকিবুল। একপর্যায়ে মেয়েটিকে বিয়ের প্রস্তাবও দেন। মেয়েটির পরিবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাকিবুল মেয়ের বাবাকে বিভিন্নভাবে নাজেহাল করেন এবং মেয়েটিকে অপহরণের হুমকি দেন। এ অবস্থায় এসএসসি পাস করা সহপাঠীরা কলেজে ভর্তি হলেও মেয়েটি ভয়ে কলেজে ভর্তি হয়নি।
বিষয়টি স্থানীয় ফুলগাজী প্রেসক্লাবের সভাপতির মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমার নজরে আসার পর তিনি ওই শিক্ষার্থীর বাড়ি গিয়ে শিক্ষার্থী ও তার পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা জানতে পারেন। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদকে বিষয়টি অবহিত করেন। পরে তাঁরা ফুলগাজী মহিলা কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে মেয়েটিকে কলেজে ভর্তির ব্যবস্থা করেন।