উত্ত্যক্তকারী দেবাশীষের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপা রানী হত্যা
চাঁপা রানী হত্যা

ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের চাঁপা রানী হত্যা মামলার প্রধান আসামি দেবাশীষ সাহা ওরফে রনিকে (২৬) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত৷ পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর দুই আসািম সঞ্জয় বিশ্বাস ও আলমগীর হোসেন খালাস পেয়েছেন৷
ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক গতকাল সোমবার এই রায় ঘোষণা করেন৷ দেবাশীষ পলাতক থাকলেও সঞ্জয় ও আলমগীর গতকাল আদালতে উপস্থিত ছিলেন।
চাঁপা রানীর মেয়েকে উত্ত্যক্ত করতেন দেবাশীষ৷ চাঁপা রানী এর প্রতিবাদ করায় তাঁকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করেন দেবাশীষ৷
বিচারক মো. আনোয়ারুল হক সকাল ১০টায় মামলার রায় পড়া শুরু করেন। রায়ে উল্লেখ করা হয়, রাষ্ট্রপক্ষ মামলার অভিযোগ প্রমাণ করতে পেরেছে৷ আসািম দেবাশীষ পলাতক৷ তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে৷ তাই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলো৷
রায়ে সন্তোষ প্রকাশ করেন আদালতকক্ষে উপস্থিত চাঁপা রানীর স্বামী স্বপন বিশ্বাস৷ তিনি বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট। তবে পলাতক আসািমকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে রায় কার্যকর করার উদ্যোগ নিতে হবে।’ মামলার বাদী চাঁপা রানীর ভাই অরুণ কুমার ভৌমিক বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি। এ রায়ে সারা দেশে উত্ত্যক্তকারীরা সতর্ক হবে এবং তাদের দৌরাত্ম্য কমে আসবে।’
মধুখালী সদরের গাড়াখোলা এলাকার বাসিন্দা নিহত চাঁপা রানী ফরিদপুর চিনিকলে টাইপিস্ট কাম করণিক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মেয়েকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করত মধুখালী বাজার এলাকার রতন সাহার ছেলে দেবাশীষ। চাঁপা রানী বিষয়টি স্থানীয় সামাজিক দায়িত্বশীল ব্যক্তিদের জানিয়ে বিচার চান৷ এতে ক্ষুব্ধ হয়ে দেবাশীষ ২০১০ সালের ২৬ অক্টোবর বাড়ির সামনেই চাঁপা রানীকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করেন৷
চাঁপা রানীর সেই মেয়ে গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ রায়ে আমি সন্তুষ্ট। কিন্তু আসািম দেবাশীষ পলাতক। তাই রায় কার্যকর হবে কি না, তা নিয়ে মনে সন্দেহ থেকে যাচ্ছে৷ আমি বিশ্বাস করি, এ রায় কার্যকর হলে দেশে উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে একটি দৃষ্টান্ত স্থাপন হবে৷’ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ফরিদপুরের জজ কোর্টের রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুিল (পিপি) মো. খসরুজ্জামান৷