চট্টগ্রামে বাসায় ঢুকে নৃশংসভাবে মা ও মেয়েকে খুনের ঘটনায় উত্ত্যক্তকারী যুবক আবু রায়হান ও তাঁর সহযোগী মোহাম্মদ শহীদের বিচার শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ বিচার শুরু হয়। আদালত আগামী ৪ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী জানান, দুই আসামির আইনজীবী তাঁদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। কিন্তু বিচারক তা নাকচ করে দেন।
গত ২৪ মার্চ নগরের ডবলমুরিং আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের যমুনা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় ঢুকে সায়মা নাজনীন (১৮) ও তাঁর মা রিজিয়া খাতুনকে (৫০) খুন করা হয়। এ ঘটনায় সায়মার বাবা রেজাউল করিম বাদী হয়ে তাঁর মেয়েকে উত্ত্যক্তকারী আবু রায়হানের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজনকে আসামি করে ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আবু রায়হান ও তাঁর সহযোগী শহীদকে গ্রেপ্তার করে। ২৫ মে তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ৩৭ জন সাক্ষী রয়েছে।