চট্টগ্রামে বাসায় ঢুকে নৃশংসভাবে মা ও মেয়েকে খুনের ঘটনায় উত্ত৵ক্তকারী যুবক আবু রায়হান ও তাঁর সহযোগী মোহাম্মদ শহীদের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পরিকল্পিতভাবে বাসায় ঢুকে আসামিরা খুন করেন বলে পুলিশের তদন্তে উঠে আসে।
গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মাইন উদ্দিন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখরুদ্দীন চৌধুরীর মতামত নেন তদন্তের সাক্ষ্য-স্মারকে। পিপি তদন্ত কর্মকর্তার সঙ্গে একমত পোষণ করে অভিযোগপত্র দাখিলের সুপারিশ করেন।
এ প্রসঙ্গে পিপি ফখরুদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মামলার অভিযোগপত্রে প্রেম প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে আসামি আবু রায়হান ও তাঁর সহযোগী শহীদ খুন করেছেন—এ বিষয়টি উঠে আসে। তাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করে পুলিশ। মামলায় ৩৬ জনকে সাক্ষী রাখা হয়েছে।’
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাইন উদ্দিন জানান, গ্রেপ্তার দুই আসামি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও নৃশংস এই খুনের ঘটনা স্বীকার করেছিলেন। এ ছাড়া সাক্ষীদের বক্তব্যেও বিষয়টি উঠে আসে। শিগগিরই দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, আসামি রায়হান অস্ত্র জোগাড় করতে না পেরে তাঁর বন্ধু শহীদকে খুনের ঘটনার জন্য ১০ হাজার টাকায় ভাড়া করেন। ৫০০ টাকা দিয়ে নগরের অলংকার মোড় এলাকা থেকে একটি ছুরি ও ২৫০ টাকা দিয়ে একটি টেঁটা কেনেন। পরে তাঁরা দুজন বাসায় ঢুকে মা ও মেয়েকে খুন করে পালিয়ে যান।
গত ২৪ মার্চ নগরের ডবলমুরিং আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের যমুনা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় দিনদুপুরে ঢুকে সায়মা নাজনীন (১৮) ও তাঁর মা রিজিয়া খাতুনকে (৫০) খুন করা হয়। এ ঘটনায় ওই দিন রাতে সায়মার বাবা সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রেজাউল করিম বাদী হয়ে নগরের ডবলমুরিং থানায় আবু রায়হানের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। সায়মা নগরের আগ্রাবাদ বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। পরে পুলিশ আসামি আবু রায়হান ও তাঁর সহযোগী শহীদকে গ্রেপ্তার করে।