উত্ত্যক্তকারী যুবকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বাসায় ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে খুনের ঘটনায় উত্ত্যক্তকারী সেই যুবক আবু রায়হান ও তাঁর সহযোগী মোহাম্মদ শহীদসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ।
গতকাল রোববার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মাইন উদ্দিন আদালতের জিআর শাখায় এ অভিযোগপত্রটি জমা দেন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পরিকল্পিতভাবে বাসায় ঢুকে আসামিরা খুন করেন বলে পুলিশের তদন্তে উঠে আসে। অভিযোগপত্রে ৩৭ জনকে সাক্ষী রাখা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, ‘মা-মেয়ে খুনের মামলায় দুজনকে অভিযুক্ত করে চূড়ান্ত করা অভিযোগপত্র জিআর সেকশনে জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। কাল সোমবার (আজ) এটি আদালতে উপস্থাপন করা হবে। পরে অভিযোগপত্রটি গ্রহণের বিষয়ে শুনানি হবে।’
অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, আসামি রায়হান অস্ত্র জোগাড় করতে না পেরে তাঁর বন্ধু শহীদকে খুনের ঘটনার জন্য ১০ হাজার টাকায় ভাড়া করেন। ৫০০ টাকা দিয়ে নগরের অলংকার মোড় এলাকা থেকে একটি ছুরি ও ২৫০ টাকা দিয়ে একটি টেঁটা কেনে। পরে তাঁরা দুজন বাসায় ঢুকে মা-মেয়েকে খুন করে পালিয়ে যান।
গত ২৪ মার্চ নগরের ডবলমুরিং আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের যমুনা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় দিনদুপুরে ঢুকে সায়মা নাজনীন (১৮) ও তাঁর মা রিজিয়া খাতুনকে (৫০) খুন করা হয়।