চট্টগ্রামে বাসায় ঢুকে মা ও মেয়েকে খুনের ঘটনায় মেয়েটির বাবা রেজাউল করিম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মেয়েকে উত্ত্যক্তকারী যুবক আবু রায়হানের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করে গত সোমবার রাতে ডবলমুরিং থানায় তিনি মামলাটি করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, রায়হানের প্রেমে মেয়েটি সাড়া না দেওয়ায় তাতে ক্ষিপ্ত হয়ে রায়হান এ হত্যাকাণ্ড ঘটান। তা ছাড়া ঘটনাস্থলে পাওয়া একটি তোয়ালে রায়হানের বলে তাঁর পরিবার নিশ্চিত করেছে। রায়হান পলাতক রয়েছেন।
সোমবার সকালে নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় নিজ বাসায় খুন হন রিজিয়া খাতুন (৫০) ও তাঁর মেয়ে সায়মা নাজনীন (১৮)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তাঁদের লাশ বন্দর কবরস্থানে রাতেই দাফন করা হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, মেয়েটিকে উত্ত্যক্তকারী যুবকই খুন করেছেন। রায়হান যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য সব বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কবার্তা জারি করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট পুলিশের একাধিক কর্মকর্তা জানান, সায়মাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন রায়হান। তিনি বারবার প্রেমের প্রস্তাব দিলেও তাতে সাড়া দেননি তরুণী। এতে ক্ষিপ্ত হয়ে রায়হান এ হত্যাকাণ্ড ঘটান।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য রায়হানের বাবা আবুল বাশার ও মা শিরীন আক্তারকে সোমবার রাতেই থানায় নিয়ে আসা হয়। সেখানে তাঁরা পুলিশকে জানান, ঢাকায় একটি ফার্মে যাওয়ার কথা বলে তিন-চার দিন আগে বাসা থেকে একটি ব্যাগ নিয়ে বেরিয়ে যান রায়হান। তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পড়ছেন। পুলিশ ঘটনাস্থলে পাওয়া একটি তোয়ালে রায়হানের মাকে দেখালে তিনি সেটি তাঁর ছেলের বলে নিশ্চিত করেন। তবে রায়হানের মা-বাবা এই খুনের সঙ্গে তাঁদের সন্তানের জড়িত থাকা বা মেয়েটিকে উত্ত্যক্ত করার বিষয়ে কিছুই অবগত নন বলে জানান। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়।
আগ্রাবাদ সিডিএ এলাকার বাসাটি এখন তালা দেওয়া। রেজাউল করিম তাঁর দুই ছেলেকে নিয়ে ভাইয়ের বাসায় উঠেছেন।
এই জোড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল ওই বিদ্যালয়ে শোকসভা হয়।