উত্ত্যক্তকারীকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তকারী বখাটেকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার ওই মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী এসব কর্মসূচি পালন করে।
গত বৃহস্পতিবার দুই বখাটের হাত থেকে রক্ষা পেতে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে লাফ দেয় ওই মাদ্রাসার এক ছাত্রী। এ ঘটনায় পরে একটি মামলা করা হয়। পরে পুলিশ বখাটে জাহেদকে গ্রেপ্তার করে।
এদিকে বাংলাদেশ মহিলা পরিষদ কমলগঞ্জ শাখার সভাপতি মুন্না রায় ও সাধারণ সম্পাদক বিলকিস বেগম গতকাল সন্ধ্যায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি আহত ওই ছাত্রীকে দেখতে যান। হাসপাতাল থেকে ফিরে এসে তাঁরা জানান, ওই ছাত্রীর মাথার আঘাত গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো দরকার।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফিরতে উপজেলার চৌমুহনায় বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় জাহেদ ও তার এক সহযোগী যাত্রীছাউনিতে এসে তাকে উত্ত্যক্ত করতে থাকে। পরে ওই ছাত্রী যাত্রীছাউনিসংলগ্ন প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সেখানেও বখাটেরা তার পিছু নেয়। তখন ওই ছাত্রী বাসের অপেক্ষা না করে একটি অটোরিকশায় ওঠে। বখাটেরা দুই দিক থেকে অটোরিকশায় উঠে তার শ্লীলতাহানির চেষ্টা করে। একপর্যায়ে ওই ছাত্রী চলন্ত অটোরিকশা থেকে লাফ দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহেদের সহযোগীকে গ্রেপ্তার ও তাদের দুজনের সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা উপজেলা সদরে বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে তারা উপজেলা চৌমুহনায় মানববন্ধন করে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, অন্য আসামিকে গ্রেপ্তারের জন্য তিনি পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
থানার ওসি নিহার রঞ্জন নাথ জানান, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে।