উত্ত্যক্তকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রাণ উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে গতকাল শনিবার মানববন্ধন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন এতে অংশ নেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ওই ছাত্রী গত বৃহস্পতিবার বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথে আগ্রাণ গ্রামের এক ব্যক্তি (২৩) ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে যেতে চায়। এ সময় তার অন্য সহপাঠীরা এগিয়ে এলে ওই ব্যক্তি পালিয়ে যান। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস আলম বিষয়টি জানতে পারেন। পরে তাঁরা বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত ফারজানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মোল্লাকে অবহিত করেন। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, ইউএনও ও চেয়ারম্যান থানায় বিষয়টি জানাননি।
গতকাল শনিবার এ বিষয়ে বিদ্যালয়ে বৈঠক ডাকলে অভিযুক্ত ব্যক্তি বা তাঁর অভিভাবক হাজির হননি। এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় লোকজন বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ ও মানববন্ধন করেন। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান ঘটনার সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দেন। এরপর বিদ্যালয়ের সভাপতি ফেরদৌস আলম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল সভায় বসেন। পরে ওই ছাত্রীর বাবা থানায় গিয়ে একজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন।
ওসি শাহরিয়ার আলম বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হবে।