উত্ত্যক্তকারীকে জরিমানা, জুতার মালা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নবম শ্রেণীর দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল সোমবার দুই বখাটে যুবককে জুতার মালা পরিয়ে প্রকাশ্যে ঘোরানো হয়েছে। একই অপরাধে গত রোববার আরও দুই বখাটে যুবককে ৫০ হাজার টাকা জরিমানাসহ কান ধরে ওঠবস করানো হয়েছে।জানা গেছে, বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চবিদ্যালয়ের ওই দুই ছাত্রী গত বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে উপজেলার মেরকুটা গ্রামের দুলাল মিয়া (২২) ও সাগর মিয়া (২১) তাদের উত্ত্যক্ত করে। একপর্যায়ে ছাত্রীদের ওড়না ধরে তারা নানা ধরনের আপত্তিকর মন্তব্য করে। ছাত্রীরা কাঁদতে কাঁদতে স্কুলে গিয়ে পুরো ঘটনা কর্তৃপক্ষকে জানায়।এ ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে স্কুল-প্রাঙ্গণে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রীর উপস্থিতিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম ইউসুফের সভাপতিত্বে এক সালিস বৈঠক হয়। সভায় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা, প্রধান শিক্ষক নূরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে বখাটে দুলাল ও সাগরের গলায় জুতার মালা দিয়ে পুরো সভাস্থল ১০০ বার ঘোরানো হয়। এর আগে গত শনিবার তিনজন স্কুলছাত্রী স্কুলে যাওয়ার পথে মেরকুটা গ্রামের আমীর হোসেন (২৪) ও গঙ্গানগর গ্রামের মিজান মিয়া (২৪) মোটরসাইকেলে চড়ে ছাত্রীদেরকে উত্ত্যক্ত করে। একপর্যায়ে ছাত্রীদের ওপর মোটরসাইকেল তুলে দিলে ছাত্রীরা আহত হয়। গত রোববার এস এম ইউসুফের সভাপতিত্বে এক সালিসি সভায় ওই দুই বখাটে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা এবং ১০০ বার কান ধরে ওঠবস করানো হয়।এস এম ইউসুফ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, উত্ত্যক্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাউকেই ক্ষমা করা হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সর্বনিম্ন এক লাখ টাকা জরিমানা আদায়সহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ ওসি রূপক কুমার সাহা বলেন, আইনের দৃষ্টিতে এ ধরনের বিচার ঠিক নয়। তবে সামাজিকভাবে করা এ ধরনের বিচার উত্ত্যক্ত প্রতিরোধে ইতিবাচক ভূমিকা পালন করবে।