উত্ত্যক্তকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্তকারীদের গ্রেপ্তারের দাবিতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে একটি কলেজ ও একটি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।বিক্ষুব্ধ ছাত্রীরা জানায়, উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের বালিকা বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে পার্শ্ববর্তী দক্ষিণ কানিশাইল গ্রামের সাহেল আহমদ, রাহেল আহমদ ও পারভেজ উদ্দিন উত্ত্যক্ত করত। এ ঘটনায় ওই ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে বখাটেদের পরিবারে বিচার দেওয়া হলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। গত বৃহস্পতিবার তিন ছাত্রীর মধ্যে একজনের ভাই ও প্রতিবেশীকে মারধর করে বখাটেরা। হামলায় গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তিন বখাটেকে আসামি করে গোলাপগঞ্জ থানায় মামলা করা হয়।ছাত্রীরা আরও জানায়, পুলিশ ঘটনার চার দিন পরও আসামিদের গ্রেপ্তার না করায় গতকাল বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে। তাদের সঙ্গে যোগ দেন পার্শ্ববর্তী ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের ছাত্রীরাও। দুই শতাধিক ছাত্রী বিক্ষোভ মিছিল করে বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ করে। এ সময় এলাকাবাসীর পক্ষে জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে ছাত্রীরা বখাটেদের প্রতিরোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী সমাবেশস্থলে পৌঁছে বখাটেদের গ্রেপ্তারের আশ্বাস দেন।ওসি হারুন জানান, তিন বখাটের বিরুদ্ধে অভিযোগটি পুলিশ গতকাল মামলা হিসেবে নথিভুক্ত করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।