উত্ত্যক্তকারীদের ধাওয়া করল স্কুলছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম শ্রেণির এক ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় তাকে রাস্তায় আটকে উত্ত্যক্ত করে দুজন কিশোর। তখন ওই ছাত্রী নিজেই কিশোরদের ধাওয়া করে। প্রায় আধা কিলোমিটার তাড়া করে সে একজনকে ধরে ফেলে।
বরিশালের গৌরনদী উপজেলা সদরে গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। ছাত্রীর বাবা বলেন, স্কুলে আসা-যাওয়ার পথে তাঁর মেয়েকে উপজেলা সদরের উত্তর বিজয়পুর গ্রামের কয়েকজন কিশোর উত্ত্যক্ত করত। প্রতিবাদ করলে কিশোরেরা তাকে হুমকি দেয়। ছাত্রীটি বলে, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সকাল সোয়া আটটার দিকে দুজন ছেলে রাস্তা আটকে তাকে অশালীন কথা বলে। সে এর প্রতিবাদ করলে একজন তার চুল টেনে আঘাত করে। সে চিৎকার দিয়ে বখাটেদের ধাওয়া করে। বেশ কিছুটা দূরে গিয়ে সে একজনকে ধরে। কিন্তু পরে তারা পালিয়ে যায়।
ঘটনার তিনজন প্রত্যক্ষদর্শী বলেন, চিৎকার শুনে তাঁরা রাস্তায় তাকান। দেখেন একটি মেয়ে ‘ধর ধর’ বলে দুজনকে ধাওয়া করছে। তখন তাঁরাও স্কুলছাত্রীর সঙ্গে যান। প্রায় আধা কিলোমিটার ধাওয়া করার পর মেয়েটি একজনকে ধরে ফেলে। কিন্তু তাঁরা পৌঁছানোর আগে ওই দুই ছেলে ছুটে পালিয়ে যায়।
এ ঘটনায় গতকাল দুপুরে ছাত্রী ইউএনও মো. মাহবুব আলম ও গৌরনদী মডেল থানার ওসি আলাউদ্দিন মিলনের কাছে লিখিত অভিযোগ করেছেন। ওসি বলেন, অভিযুক্ত কিশোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।