উত্ত্যক্তকারীদের নামে নালিশ করায় স্কুলছাত্রীর বাবাকে কুপিয়ে জখম
স্কুলপড়ুয়া মেয়ে ও ভাইঝিকে উত্ত্যক্ত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় নালিশ করায় বাগেরহাটে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে বখাটে সন্ত্রাসীরা। গতকাল সোমবার সকালে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কাড়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম জানান, গত রোববার স্কুলছাত্রীদের পরিবারের মৌখিক অভিযোগ পেয়ে মাহবুবুর রহমান ওরফে বিল্লাল (২৬) ও অসীম শিকদার নামে দুই যুবককে তাঁরা থানায় ধরে নিয়ে আসেন। অভিযোগকারী ও পুলিশের সামনে তাঁরা আর উত্ত্যক্ত করবেন না বলে জানালে ওই দিনই তাঁদের ছেড়ে দেওয়া হয়। আহতের স্ত্রী প্রথম আলোকে বলেন, তাঁর সপ্তম শ্রেণীপড়ুয়া মেয়ে ও দেবরের এক মেয়েকে দুই বছর ধরে স্থানীয় বখাটে মাহাবুবুর রহমান (২৬) ও তাঁর ফুপাতো ভাই সোহাগ ফকির (২৭) উত্ত্যক্ত করে আসছেন। গতকাল সকাল সাতটার দিকে স্কুলছাত্রীর বাবা কাড়াপাড়া বাজারে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান খোলার পর বিল্লাল, সোহাগ, অসীম, মোস্তফা ও আজিজসহ পাঁচ-ছয় যুবক ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান এবং তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেন।বাগেরহাট সদর থানায় ইউপি সদস্য দিদারুল আলম ফকিরসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের নামে মামলা হয়েছে।