উত্ত্যক্তকারীর তিন মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলায় গত বুধবার এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে মো. নুরুন্নবী (৩২) নামের এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নুরুন্নবীকে গত বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জলঢাকার স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী গত বুধবার বিকেলে ইংরেজি দ্বিতীয় পত্রের মডেল টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বিদ্যালয়ের ফটকের সামনে কিশোরগঞ্জ উপজেলার রনচণ্ডী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের নুরুন্নবী তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করেন। এর আগেও তিনি ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। বিষয়টি ওই ছাত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। পরে বিদ্যালয়ের শিক্ষকেরা নুরুন্নবীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ওই দিন রাত নয়টার দিকে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রাশেদুল হক প্রধান অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, নুরুন্নবীকে গত বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।