উত্ত্যক্তকারীর পরিবার বন্ধ করে দিল মেয়েটির বাড়ি যাওয়ার রাস্তা
বগুড়ার দুপচাঁচিয়ায় এক কিশোরীকে (১৬) উত্ত্যক্ত করার অভিযোগে উপজেলার খলিশ্বর কালীপুকুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সুরুজ আলীকে (২২) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এতে ক্ষুব্ধ হয়ে ওই বখাটের পরিবার মেয়েটির বাড়িতে যাতায়াতের রাস্তা ও পানি নিষ্কাশনের নালা বন্ধ করে দেয়। এ নিয়ে ১৮ এপ্রিল ইউপি চেয়ারম্যান সালিস বসিয়েও কোনো সুরাহা করতে পারেননি।
এলাকাবাসী ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সুরুজ অনেক দিন ধরেই মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিলেন। মেয়েটির বাবা প্রবাসী হওয়ায় চাচা এ নিয়ে এলাকায় কয়েক দফা সালিস বসান। এর পরও সুরুজ মেয়েটিকে উত্ত্যক্ত করতে থাকলে ১১ এপ্রিল ভুক্তভোগী মেয়েটির চাচা দুপচাঁচিয়া থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ রাতেই সুরুজকে তাঁর বাড়ি থেকে আটক করে। পরের দিন ১২ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান খানের ভ্রাম্যমাণ আদালত ওই মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে সুরুজকে এক বছরের কারাদণ্ড দেন।
এর পরই ১৩ এপ্রিল সুরুজের আত্মীয়রা মেয়েটি ও তাঁর চাচার বাড়িতে চলাচলের একমাত্র রাস্তায় বাঁশের বেড়া দিয়ে ও বাড়ির পানিনিষ্কাশনের নালা বন্ধ করে দেন। এতে অবরুদ্ধ হয়ে পড়েন দুই বাড়ির লোকজন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেঞ্চদ বলেন, ইউএনও মহোদয়কে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হবে। তার পরও কোনো সুরাহা না হলে মামলা নেওয়া হবে।