উত্ত্যক্তকারীর প্রহারে গুরুতর আহত কলেজছাত্রীর বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রী মেয়েকে উত্ত্যক্ত না করার অনুরোধ করেছিলেন তিনি। আর এ কারণে উত্ত্যক্তকারী পিটিয়ে তাঁকে (৫০) আহত করেন। তাঁর চোখ এখন ‘ঝুঁকির’ মধ্যে রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে।মেয়েটির এক মামার ভাষ্যমতে, তাঁর ভগ্নিপতির তিন মেয়ে। ছোটটি মহেশপুর উপজেলার একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়ে। তাঁদের গ্রামের আবদুল জব্বারের ছেলে জুয়েল রানা প্রায়ই তাকে উত্ত্যক্ত করেন। উত্ত্যক্ত না করতে জুয়েল রানাকে অনুরোধ জানান মেয়েটির বাবা। বিষয়টি একাধিকবার জুয়েলের পরিবারকেও জানানো হয়। কিন্তু কোনো ফল হয়নি। একপর্যায়ে মেয়ের কলেজে যাওয়া বন্ধ করে দিতে বাধ্য হয় পরিবার। পরে গ্রামবাসীর আশ্বাসে আবারও তাঁকে কলেজে পাঠানো হয়। মেয়ের মামা বলেন, কলেজে যাওয়ার পথে বুধবার সকালে খালিশপুর বাজারে মেয়েকে আবারও উত্ত্যক্ত করেন জুয়েল। তাঁকে উত্ত্যক্ত না করার জন্য এ সময় আবার অনুরোধ জানানো হয়। দুপুরে জুয়েল বাড়ি ফেরার পথে মেয়েটির বাবাকে একা পেয়ে লাঠিপেটা করেন। এ সময় তিনি জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। লাঠির আঘাতে তাঁর একটি চোখে রক্ত জমাট বেঁধে গেছে। ঘটনার পর তাঁকে কোটচাঁদপুর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে যশোরের একটি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। কোটচাঁদপুর হাসপাতালের চিকিৎসক মেহজাবিন আক্তার বলেন, তাঁর বাঁ চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। চোখের অবস্থা খুব ঝুঁকিপূর্ণ। মেয়ের মামা আরও জানান, রোগীর চিকিৎসায় ব্যস্ত থাকায় ওই ঘটনায় এখনো মামলা করা সম্ভব হয়নি। তবে তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। জুয়েলের বাবা আবদুল জব্বার বলেন, তাঁর ছেলে ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, উত্ত্যক্ত করেননি। আর বিষয়টি নিয়ে ওই দিন সামান্য কিল-ঘুষির ঘটনা ঘটেছে। মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনাটিতে এখনো থানায় লিখিত অভিযোগ আসেনি। এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।