উত্ত্যক্তকারীর শরীরে অ্যাসিড নিক্ষেপ
দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করায় এক ব্যক্তির যৌনাঙ্গে অ্যাসিড নিক্ষেপ করেছেন এক নারী৷ গত সোমবার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রূপগঞ্জ কবিরাজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷ এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বালিয়াডাঙ্গী থানায় মামলা হলে পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে৷
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গ্রেপ্তার হওয়া ওই নারী বাড়ির সঙ্গেই মুদি দোকান চালিয়ে সংসার চালাতেন৷ কিন্তু রূপগঞ্জ কবিরাজপাড়া গ্রামের এক সন্তানের বাবা খাদেমুল ইসলাম দীর্ঘদিন ধরে তাঁকে উত্ত্যক্ত করছিলেন৷ এ কারণে ওই নারীর সংসারে অশান্তি দেখা দেয়৷
গত সোমবার রাত ১০টার দিকে খাদেমুল ওই নারীর দোকানের ঝাঁপ খুলে ঘরে ঢুকে পড়েন৷ ওই নারী কৌশলে অ্যাসিড এনে খাদেমুলের যৌনাঙ্গে নিক্ষেপ করেন৷ খাদেমুলের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন৷
খাদেমুলের ভাই মন্টু মিয়া গতকাল বালিয়াডাঙ্গী থানায় মামলা করলে পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে৷ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘ওই নারী দীর্ঘদিন উত্ত্যক্ত হওয়ার প্রতিশোধ নিয়েছেন ঠিকই; কিন্তু আইনের চোখে তিনি অপরাধ করেছেন৷’