উত্ত্যক্ততা, অপহরণ ও বাল্যবিবাহের শিকার তিন শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলায় নবম শ্রেণী পড়ুয়া বোনকে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে এগিয়ে দিতে গিয়ে বখাটেদের ছুরিকাঘাতে মারাত্মক জখম হয়েছেন সবুজ (১৯) নামের এক তরুণ। এ ছাড়া প্রথম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের পর পুলিশ বুধবার রাতে ভাঙ্গা উপজেলার চান্দ্রা এলাকা থেকে উদ্ধার করেছে। এদিকে মাদারীপুর সদর উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে শিকল দিয়ে বেঁধে রাখায় ভ্রাম্যমাণ আদালত বুধবার তিনজনকে কারাদণ্ড দিয়েছেন।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম মাসুদ খান জানান, শেখ ফজিলাতুন নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে সাত-আটজন বখাটে প্রায়ই উত্ত্যক্ত করত। এ জন্য পরিবারের সদস্যরা তাকে প্রতিদিন বিদ্যালয়ে আনা-নেওয়া করত। বৃহস্পতিবার সকালে সবুজ তাঁর বোনকে নিয়ে বিদ্যালয়ের কাছে গেলে বখাটেরা আকস্মিক হামলা চালায় এবং মারধরের একপর্যায়ে তাঁর পেটে ছুরিকাঘাত করে। এতে তাঁর নাড়িভুঁড়ি বেরিয়ে পড়লে তাঁকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের পাঁচ্চর এলাকার রাম মালোর মেয়ে তিথিকে (৭) ডায়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি করতে নিয়ে যান তার মা ভারতী রানী মালো। তিনি জানান, ভর্তি ফি না নিয়ে যাওয়ায় তিথিকে স্কুলে রেখে টাকা আনতে বাড়ি যান তিনি। ফিরে এসে মেয়েকে আর খুঁজে পাননি। পরে অপহরণকারীরা মুঠোফানে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে নিশ্চিত হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সদরদী থেকে শিশুর চাচা শরৎ কুমার মালোকে (২৭) আটক করে। তাঁর দেওয়া তথ্যমতে চান্দ্রা এলাকা থেকে তিথিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় শরতের সহযোগী জাকির হোসেন মোল্লা এবং গোবিন্দকেও গ্রেপ্তার করা হয়। মাদারীপুর শহরের কালীবাড়ি এলাকায় এক কিশোরী বাল্যবিবাহ মেনে না নেওয়ায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল—এমন খবর পেয়ে বুধবার দুপুরে ভারপ্রাপ্ত মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার ওই বাড়িতে যান। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। পরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝুমুর বালা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের স্বামী রেজাউল করিম, বোন ফাতেমা বেগম ও মামা আলী আজগর তালুকদারকে এক মাস করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন। ফাতেমা বেগম দাবি করেন, বখাটে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া থেকে রক্ষার জন্য তাকে শিকলে আটকে রাখা হয় এবং মানসমঞ্চান রক্ষার্থেই বিয়ে দেওয়া হয়েছে।