উত্ত্যক্ততার প্রতিবাদ করায় প্রাণ হারালেন চাচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাতিজিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক বখাটে ও তার আত্মীয়দের হাতে প্রাণ হারালেন এক চাচা। নিহত ওই চাচার নাম আজাহার আলী (৪৫)। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারার শ্রীপুর গ্রামে। এ ঘটনায় ওই বখাটেসহ ১১ জনের বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা বাগমারা থানায় গত শনিবার মামলা করেছেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলার শ্রীপুর গ্রামের এক স্কুলছাত্রীকে একই গ্রামের রশিদের বখাটে ছেলে জাকির দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছেন। একপর্যায়ে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই ছাত্রীকে ধর্ষণসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেন বখাটে জাকির। গত শুক্রবার বিকেলে জাকির ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় ওই ছাত্রী বাড়িতে একাই ছিল। বিষয়টি জানতে পেরে ওই দিন সন্ধ্যায় ওই ছাত্রীর চাচা জাকিরকে থাপ্পড় মারেন। কিছুক্ষণ পর বখাটে জাকির ও তাঁর আত্মীয়স্বজনেরা লাঠি ও দেশি অস্ত্র নিয়ে ছাত্রীর বাড়িতে হামলা চালান। এতে ছাত্রীর চাচা আজাহার (৪৫), আবদুল জলিল (৪০), আফজাল হোসেন (৩০) ও মতলেবুর রহমান (৪৩) আহত হন। এঁদের মধ্যে আজাহারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার ভোরে তিনি মারা যান। এ ঘটনা জানতে পেরে ওই দিনই স্থানীয় লোকজন জাকিরের দাদা আব্বাস আলীকে (৬২) আটক করে থানায় দিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।