বখাটের উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে নোয়াখালীর বেগমগঞ্জের আমানতপুর গ্রামের এক মাদ্রাসাছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। তার নাম পারভীন আক্তার ওরফে লুবনা (১৫)। সে স্থানীয় বাংলাবাজার মহিলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সন্ধ্যায় থানা-পুলিশ ঝুলন্ত অবস্থা থেকে পারভীনের লাশ উদ্ধার করে।
নিহত পারভীনের বড় ভাই মমিন উল্লা প্রথম আলোকে বলেন, মাদ্রাসায় আসা-যাওয়ার পথে একই এলাকার মো. বাপ্পি নামের এক যুবক তাঁর বোনকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি বাপ্পির পরিবারকেও জানানো হয়। কিন্তু তাতেও সে ক্ষান্ত হয়নি। বাপ্পি তাঁদের বাড়িতেও ফোন করে পারভীনকে উত্ত্যক্ত করতেন। উত্ত্যক্তের হাত থেকে বাঁচানোর জন্য তাঁরা বোনকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বিয়ে ঠিক করা নিয়ে কথাবার্তাও চলছিল। কিন্তু গতকাল বিকেলে ঘরে পরিবারের কেউ না থাকার সুযোগে পারভীন ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এদিকে স্থানীয় একাধিক সূত্র জানায়, উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যার কথা জানাজানি হওয়ার পর বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী চক্র উঠে পড়ে লাগে। তারা কিশোরীটির পরিবারকে ‘পারভীন অসুস্থতার কারণে’ আত্মহত্যা করেছে বলে লোকজনকে জানানোর পরামর্শ দেয়। প্রথম আলোর সঙ্গে আলাপের সময়েও পারভীনের ভাই মমিন উল্লাহ প্রথমে একই কথা বলেন। পরে উত্ত্যক্তের বিষয়টি স্বীকার করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্থানীয় তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় ঝুলন্ত অবস্থা থেকে মাদ্রাসাছাত্রী পারভীনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক বখাটে যুবকের উত্ত্যক্তের কারণে সে আত্মহত্যা করেছে বলে শোনা যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।