উত্ত্যক্তে বাধা দেওয়ায় দুই শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় বাধা দেওয়ায় দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে ওই কলেজের এক শিক্ষার্থীকে পুলিশে দিয়েছেন শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা। সোহাগ গাজী (২০) নামের ওই শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষার্থী।
আঠারোগাছিয়া বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা বলেন, গতকাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে বিদ্যালয়ের মাঠে ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ শুরু করে। এ সময় এ কলেজের মানবিক শাখার ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থী সোহাগ গাজী একাডেমিক ভবনের তৃতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে মাঠের ছাত্রীদের দিকে তাকিয়ে অশালীন অঙ্গভঙ্গি করতে থাকেন। বিষয়টি ছাত্রীরা শিক্ষকদের নজরে আনলে ইংরেজি বিষয়ের শিক্ষক মো. আজিমুল ইসলাম ওই ছাত্রের কাছে যান এবং তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করলে সোহাগ গাজী তাঁর (শিক্ষক) জামার কলার ধরে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। শিক্ষকের ডাক-চিৎকার শুনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম তাঁকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তাঁকেও লাঞ্ছিত করেন সোহাগ। এ সময় ছাত্র ও শিক্ষকেরা মিলে সোহাগ গাজীকে আটক করেন। পরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতিসহ সবাইকে জানালে তাঁরা ছুটে এসে সোহাগ গাজীকে দুপুর ১২টার দিকে গাজীপুর পুলিশ ফাঁড়ির সদস্যদের কাছে সোপর্দ করেন।
শিক্ষক আজিমুল ইসলাম তাঁকে লাঞ্ছিত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোহাগ গাজীকে আমি অশালীন অঙ্গভঙ্গি করতে নিষেধ করামাত্র সে আমাকে মারধর শুরু করে। খবর পেয়ে শিক্ষকেরা এসে আমাকে উদ্ধার করেন।’
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি ফজলুল হক মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমি কলেজে উপস্থিত হয়ে সোহাগ গাজীকে গাজীপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দিই।’
গাজীপুর পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন বলেন, বখাটে সোহাগ গাজীকে আটক করে আমতলী থানায় পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মো. সহিদুল্লাহ বলেন, সোহাগ গাজীকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।