উত্ত্যক্তে বাধা দেওয়ায় হামলা, দুটি মামলা
সিরাজগঞ্জ শহরের একডালা মহল্লায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় মুদির দোকানদার ইমতিয়াজ শেখ ও তাঁর ছেলে মাসুদকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের রান্ধিলা বাহাদুর গ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় রায়গঞ্জ থানায় মামলা হয়েছে।পুলিশ জানায়, সিরাজগঞ্জ শহরের একডালা মহল্লার বাসিন্দা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে একই মহল্লার মুদির দোকানদার ইমতিয়াজ উদ্দীনের ছেলে মাসুদ শেখ দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। এ নিয়ে একাধিকবার মাসুদের বাবার কাছে অভিযোগও করা হয়। গত সোমবার সন্ধ্যায় মেয়েটি দোকানে কাগজ কিনতে গেলে ইমতিয়াজ তাকে নানা ধরনের কথা বলেন। একই সময় তাঁর ছেলে মাসুদ মেয়েটিকে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে। এ ঘটনার পর মেয়ের বাবা আত্মীয়স্বজনকে নিয়ে দোকানে গেলে ইমতিয়াজ ও মাসুদ তাঁদের ওপর চড়াও হয়ে মারধর ও ছুরিকাঘাত করেন। এ ঘটনায় তিনজন আহত হন। এলাকাবাসীর সহযোগিতায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। পরে রাতে মেয়ের বাবা বাদী হয়ে সদর থানায় ইমতিয়াজ ও তাঁর ছেলে মাসুদ শেখকে আসামি করে মামলা দায়ের করেন। এর পর থেকে বাবা-ছেলে পলাতক রয়েছেন।মেয়ের বাবা অভিযোগ করে বলেন, ‘কয়েক মাস ধরে আমার মেয়েকে মাসুদ উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি মাসুদের বাবাকে জানালে উল্টো বাবা-ছেলে মিলে মেয়েকে উত্ত্যক্ত করেন। এর প্রতিবাদ করায় তাঁরা আমাদের ছুরিকাঘাত করেন। এলাকাবাসী ছুরিটি জব্দ করে থানায় জমা দিয়েছে। মামলার পর থেকে ওই পরিবারের লোকজন ভয়ভীতি দেখাচ্ছে।রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের রান্দিলা বাহাদুর গ্রামের নবম শ্রেণীর এক ছাত্রী বান্ধবীদের সঙ্গে নিয়ে গত সোমবার স্কুলে যাওয়ার পথে একই গ্রামের আনন্দ মিয়া তাকে উত্ত্যক্ত করে। এ সময় বান্ধবীরা আত্মরক্ষা করে বাড়ি চলে আসে। পরের দিন গতকাল মঙ্গলবার সকালে মেয়ের বাবা ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে আনন্দ ও তার বন্ধুরা তাঁকে মারধর করে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।সদর থানার উপপরিদর্শক (এসআই) মালেক ঘটনার সত্যতা শিকার করে জানান, আসামিদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে। সবাই পলাতক রয়েছে।