উত্ত্যক্তের দায়ে দুই জেএসসি পরীক্ষার্থীর জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী তিন ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে জেএসসি পরীক্ষার্থী দুই ছাত্রকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এই আদালত পরিচালিত হয়।
নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জামাল আহমেদ এই রায় দেন। দণ্ডাদেশ পাওয়া দুজনই গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজ, ফজলুল হক আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষা দিচ্ছে। প্রথম পরীক্ষার দিন থেকেই ওই দুই ছাত্র তিনজন ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ওই ছাত্রীরা গত রোববার পরীক্ষা শেষে বিষয়টি কেন্দ্রের সচিবকে জানায়। গতকাল সকালে কেন্দ্রে ঢোকার সময় ওই দুই ছাত্র আবারও তাদের অশালীন মন্তব্য করে। এ সময় পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত গাংনী থানার উপপরিদর্শক (এসআই) বখতিয়ার হোসেন তাদের আটক করেন। তারপর পরীক্ষা শেষে বেলা দেড়টার দিকে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
নির্বাহী হাকিম এস এম জামাল আহমেদ বলেন, ছাত্রীদের অভিযোগ শোনার পর ওই দুই ছাত্রের বক্তব্য জানতে চাওয়া হয়। তারা অপরাধ স্বীকার করে। পরে দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। তারা আবেদন করলে কারাগারে বসে বাকি তিনটি পরীক্ষা দিতে পারবে।