উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল রোববার কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও মারধরের দায়ে রিফাত আহাম্মদ (৩০) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম।
রিফাত কসবার বিনাউটি ইউনিয়নের অনন্তপুর গ্রামের আনিস খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার একটি কলেজের ছাত্রী কসবায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। গতকাল সকালে তিনি তারাপুর এলাকায় সীমান্ত হাটে যান। তখন রিফাত ওই কলেজছাত্রীকে উত্ত্যক্ত করেন। তখন মেয়েটি এর প্রতিবাদ জানান এবং দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই কলেজছাত্রীর গালে থাপ্পড় মারেন রিফাত। পরে স্থানীয় লোকজন রিফাতকে আটক করেন। এ সময় সীমান্ত হাটেই ছিলেন ইউএনও হাসিনা ইসলাম। তিনি সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রিফাতকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, দণ্ডিত রিফাত আহমদকে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে।