উত্ত্যক্তের পর মামলা দিয়ে হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশ্যে দুই বোনকে উত্ত্যক্ত করা হয়েছে। পরে বাড়িতে হামলা চালিয়ে তাঁদের মারধর করা হয়েছে। এ সময় হামলা থেকে রেহাই পায়নি তাঁদের দুই ভাই ও মা। এ ঘটনায় মামলা করা হলে পাল্টা মামলা করে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হচ্ছে। প্রাণের ভয়ে এখন বাড়িতে তালা মেরে পালিয়ে বেড়াচ্ছে ওই পরিবার। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের নেয়ামিত গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযোগে জানা গেছে, উপজেলার নেয়ামতি গ্রামের ওই পরিবারের বাড়ির পাশে কিছু দিন আগে বাড়ি করেছেন নেয়ামতি সিঅ্যান্ডবি ডিগ্রি কলেজের শিক্ষক জামাল হোসেন। সম্প্রতি তিনি ওই পরিবারের কিছু জায়গা দখল করে তা নিজের বলে দাবি করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে ওই পরিবারের কলেজপড়ুয়া দুই মেয়েকে পথেঘাটে উত্ত্যক্ত করতে শুরু করেন শিক্ষক জামাল। অভিযোগে আরও জানা গেছে, ঈদুল আজহার দিন শিক্ষক জামাল ১০-১২ জন লোক নিয়ে ওই পরিবারের বাড়িতে হামলা চালান। তাঁরা দুই বোনকে চুল ধরে টেনে-হিঁচড়ে রাস্তায় নামিয়ে আনেন। পরে রড দিয়ে পেটাতে থাকেন। এতে বাধা দিতে গেলে তাঁদের মা ও দুই ভাইকেও মারধর করা হয়। হামলায় গুরুতর আহত হন বড় বোন। তাঁর হাতের কয়েকটি আঙুল ভেঙে গেছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। অন্যরা বাকেরগঞ্জ স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বাকেরগঞ্জ থানায় ১০ জনকে আসামি করে মামলা করা হয়। কিন্তু গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।পারিবারিক সূত্রে জানা গেছে, মামলা করায় ক্ষিপ্ত হয়ে শিক্ষক জামাল গত রোববার বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বড় বোনকে হুমকি দেন। এদিকে গতকাল সোমবার বরিশাল আদালতে দুই বোন, তাঁদের দুই ভাই ও বাবা-মাসহ আরও বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেন প্রতিপক্ষরা। এরপর প্রাণের ভয়ে তাঁরা বাড়িতে তালা দিয়ে পালিয়ে যান।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার ইসলাম বলেন, তদন্ত চলছে। পাশাপাশি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কলেজশিক্ষক জামাল হোসেন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে উত্তেজিত কণ্ঠে বলেন, ‘যত নিউজ পারেন করেন।’