উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে প্রহূত হলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে প্রহূত হয়েছেন বাবা মহাদেব মন্ডল (৪৫)। উত্ত্যক্তকারী বাবাকে ঘুষি মেরে তাঁর দুটি দাঁত ফেলে দিয়েছে। শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পাতিলাখালী গ্রামের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার রাতে পুলিশ আলতাফ হোসেন ওরফে পিকলু (৩২) নামের ওই উত্ত্যক্তকারীকে গ্রেপ্তার করেছে।পাতিলাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেয়ামুল হাদি রানা জানান, আলতাফ হোসেন পিকলু এলাকায় বখাটে হিসেবে পরিচিত। বিডিআর থেকে চাকরিচ্যুত হয়ে এলাকায় ফেরার পর থেকে সে মেয়েদের উত্ত্যক্ত করে আসছে। বেপরোয়া ও সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় মানসম্মানের ভয়ে এলাকার কেউ তার এসব কাজে প্রতিবাদ করে না।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, মেয়েটির বাবা ওই ঘটনায় শনিবার রাতে উত্ত্যক্তকারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় বাগেরহাট মডেল থানায় মামলা করেছেন। পুলিশ রাতেই উত্ত্যক্তকারী যুবক আলতাফ হোসেনকে গ্রেপ্তার করে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে বিডিআরের সাবেক সদস্য। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই বছর আগে তাকে চাকরিচ্যুত করা হয়।